ঢাকার সাভারের হেমায়েতপুরে অবস্থিত জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মানবিকতা এবং আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছে শিক্ষার্থী সায়েম ইসলাম নাবিলের পরিবার।
গত ২৪ জুন বিদ্যালয়ের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয় সায়েম ইসলাম নাবিল। দুর্ঘটনায় তার হাতের দুটি হাড় ভেঙে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সায়েমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাদের এই আন্তরিকতা ও সহমর্মিতায় আবেগাপ্লুত হয় সায়েমের পরিবার।
সায়েমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যে ভালোবাসা, দায়িত্ববোধ ও সহানুভূতির পরিচয় দিয়েছেন, তা আমাদের মুগ্ধ করেছে। সবার দোয়া ও সহযোগিতায় সায়েম দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”
পরিবারের সদস্যরা আরও বলেন, সরকারি বিদ্যালয় সম্পর্কে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। বাস্তবে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা উচ্চশিক্ষিত, দক্ষ এবং কঠোর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের প্রতি তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার এই ঘটনা তারই একটি উজ্জ্বল উদাহরণ।
এ সময় সায়েমের পরিবার জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এমন মানবিক সম্পর্ক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে। জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ উদ্যোগ প্রশংসার দাবিদার বলেও তারা মন্তব্য করেন।
মন্তব্য করুন