জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিরল এক রেকর্ড গড়েছেন শিক্ষক পলাশ মজুমদার। টানা ১২তম বারের মতো তিনি উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।
তিনি নাসিরনগরের ঐতিহ্যবাহী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সৃজনশীল পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান এবং নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন তাঁর হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।
পলাশ মজুমদারের এই অর্জনে নাসিরনগরজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, “একজন শিক্ষক টানা এক যুগ ধরে শ্রেষ্ঠত্ব ধরে রাখা শুধু বিরলই নয়, এটি শিক্ষা অঙ্গনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, পলাশ মজুমদারের এ সাফল্য নাসিরনগরের শিক্ষা ব্যবস্থাকে জেলা ও জাতীয় পর্যায়ে আরও সমৃদ্ধ ও গৌরবান্বিত করবে।
মন্তব্য করুন