বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি কোম্পানির উদ্যোগে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পেশাগত ঝুঁকি, নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ইলেকট্রিশিয়ান মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমইপি কোম্পানির ডিএসএম মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার যুব রাজ, এমইপি পরিবেশক মো. আল আমীন খান, মো. শাহ-আলম, কিসলু শরীফ, জামাল হোসেন, সোহেল মাহমুদ ও ফজলুল হক খোকন।
মতবিনিময় সভায় ইলেকট্রিশিয়ানরা বিদ্যুৎ সংক্রান্ত কাজের সময় তাদের নানামুখী ঝুঁকি ও কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় এমইপি কোম্পানির প্রতিনিধিরা জানান, ইলেকট্রিশিয়ানদের পেশাগত নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। খুব শিগগিরই কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক ইলেকট্রিশিয়ানের নামে একটি বীমা পলিসি চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তারা আর্থিক সুরক্ষা পান।
অনুষ্ঠানে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার প্রায় ৮০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন। তাদের প্রত্যেককে একটি ব্যাগ, একটি প্লাস এবং একটি টেস্টার উপহার হিসেবে প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে ১০ জন ইলেকট্রিশিয়ানের মাঝে বিভিন্ন পণ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমইপি কোম্পানির টিএসএম মো. ইমাম হোসেন। সহযোগিতা করেন ফিল্ড অফিসার মো. চান মিয়া ও আশরাফুল ইসলাম।
সভায় অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি ও কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন