ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্যকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের তোপের মুখে তিনি পালিয়ে আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে পশারিবুনিয়া গ্রামের একটি বসতঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি মো. মামুন অর রশিদ (৪৫), তিনি ধাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং মৃত হারুন অর রশিদের ছেলে।
অভিযোগে বলা হয়, প্রবাসী মো. মেহেদী হাসান শাহ আলমের স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই সম্পর্কের সূত্র ধরে তিনি বাড়িতে প্রবেশ করেন বলে দাবি স্থানীয়দের।
এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতার মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি স্থানীয় কয়েকজনের সহায়তায় পালিয়ে যান বলে জানা গেছে।
প্রবাসীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল এবং বিষয়টি নিয়ে তারা বিচার দাবি করেছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন