টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশের একটি বিশেষ টিম।
শনিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টইটং ইউনিয়ন এবং পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা দুর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং বন্যাজনিত দুর্ভোগের বিষয়ে অবগত হন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের সহায়তায় জেলা পুলিশের কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ৬ থেকে ৭ দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে জেলা পুলিশের মানবিক সহায়তা দুর্গত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
মন্তব্য করুন