কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার গুরুত্বপূর্ণ দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়কের বেহাল অবস্থা পরিদর্শন করে দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন স্থানীয়রা।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীমসহ পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়কের বর্তমান অবস্থা পর্যালোচনা শেষে জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, “জনসাধারণের দুর্ভোগ কমানো এবং মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়কের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকদের প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল।
উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন হলে সড়কটি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করা সম্ভব হবে।
এলাকাবাসীর মতে, জনস্বার্থে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ উপজেলা প্রশাসনের দায়িত্বশীলতার পরিচয় বহন করে এবং এটি একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।
মন্তব্য করুন