দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠকে কেন্দ্র করে আধুনিক পার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ লক্ষ্যে সোমবার (১৮ মে) দুপুরে মাঠটি পরিদর্শন করেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
পরিদর্শনকালে তারা মাঠের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মাঠের বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা, সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “ডাক্তারখানার মাঠ বীরগঞ্জের মানুষের কাছে একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থান। এটি শুধু একটি খোলা মাঠ নয়, বরং স্থানীয় মানুষের আবেগ ও স্মৃতির অংশ। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই জায়গাকে একটি আধুনিক বিনোদন কেন্দ্র ও পার্কে রূপান্তর করা সম্ভব।”
তিনি আরও বলেন, “মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় মাঠটিকে সংরক্ষণ করে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে শিশু-কিশোর, তরুণ সমাজ ও পরিবারগুলো একটি সুস্থ বিনোদন পরিবেশ পাবে।”
মাঠের জায়গা সংক্রান্ত কিছু জটিলতার কথাও উল্লেখ করেন জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি জানান, উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় দ্রুত সমস্যাগুলো সমাধান করে জায়গাটি উদ্ধার করা হবে। এরপর পরিকল্পিতভাবে উন্নয়ন কাজ শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় বীরগঞ্জ উপজেলায় একটি ডাকবাংলো নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন, “দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে এখনো বীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় কোনো ডাকবাংলো নেই। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার পাঠানো হয়েছে। দ্রুত এটি বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, চাকরিজীবী ও দূর-দূরান্ত থেকে আগত মানুষ উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, “বীরগঞ্জবাসীর উন্নয়ন ও জনসেবার স্বার্থে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ একযোগে কাজ করবে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, ডাক্তারখানার মাঠকে আধুনিক পার্কে রূপান্তর করা গেলে বীরগঞ্জে একটি নতুন বিনোদন কেন্দ্র গড়ে উঠবে। একই সঙ্গে এটি উপজেলার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
মন্তব্য করুন