চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ১৯৯৪ সালের ২৩ জুন মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু দীর্ঘদিন ধরে জেলার মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এই সেতু জাতীয় গৌরব ও ইতিহাসের প্রতীক। তাই জাতীয় বীরের নামে প্রতিষ্ঠিত একটি সেতুতে টোল আদায় জনগণের আবেগ ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক সেতু টোলমুক্ত থাকলেও চাঁপাইনবাবগঞ্জবাসী এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, সাধারণ সম্পাদক মো. মেসবাহুল হক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— অবিলম্বে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুকে টোলমুক্ত ঘোষণা করা, টোল আদায় বন্ধ করে জেলার মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং জেলার অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।
এ সময় সম্ভাব্য ইজারাগ্রহীতাদের প্রতি আসন্ন দরপত্রে অংশ না নেওয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নতুন দরপত্র বিক্রি না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১ জুলাইয়ের মধ্যে সেতু টোলমুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের দীর্ঘদিনের এ দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করবে।
মন্তব্য করুন