আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামিক শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় সরকারি এস.এম কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর মো. রফিকুল ইসলাম এবং পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য মজুরি পরিশোধ করতে হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।
বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিক শ্রেণিই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি, তাই তাদের অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য করুন