মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ মে) শহরের চৌমুহনা এলাকায় পরিচালিত যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করে র্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সহযোগিতা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্য ও নিয়মিত তদারকির অংশ হিসেবে শহরের কয়েকটি খাবারের দোকান ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়।
অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশনারি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠান দুটিতে অপরিচ্ছন্ন রান্নাঘর, নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি না মেনে খাবার প্রস্তুতের অভিযোগ পাওয়া গেছে।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মচারীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আল আমিন, ক্যাবের জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মুহাম্মদ মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।
সচেতন মহলের মতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও বেকারিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।
অন্যদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সতর্কতা দেখা যায়। অনেক দোকান মালিককে তাৎক্ষণিকভাবে তাদের প্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন