দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রোববার (২৪ মে) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে স্থানীয় সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এ মানববন্ধনের আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস, ব্র্যাকের জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান লিটন।

বক্তারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনা দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে শিশু সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব হলেও বাস্তবে তা যথাযথভাবে নিশ্চিত করা যাচ্ছে না। ফলে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।

এএফএডি’র ‘স্বোচ্চার’ প্রকল্পের আওতায় যুব ক্যাম্পেইন ‘শিফট’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ, সনাক, ব্র্যাক, ইউএসএস, সানু মেমোরিয়াল সোসাইটি, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জানা গেছে, নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তা এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন