দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে দিনটি ঘিরে বন্দরের পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় হিলি বন্দরের বিভিন্ন কুলি শ্রমিক সংগঠন, বাস ও ট্রাক শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার-ফেস্টুন নিয়ে চারমাথা মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার চারমাথা মোড়ে এসে শেষ হয়। এতে শত শত শ্রমিক অংশগ্রহণ করেন, যা শ্রমিকদের ঐক্য ও সংহতির এক দৃশ্যমান প্রকাশ হয়ে ওঠে।
র্যালি শেষে চারমাথা মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হাকিমপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিকরা—তাদের অধিকার প্রতিষ্ঠা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মে দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং ঐক্যবদ্ধভাবে শ্রমিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন