মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক যুবক নিখোঁজ হওয়ার তিনদিন পর কমলগঞ্জে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম রমজান আলী হৃদয়। তিনি রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের কবির মিয়ার ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত দুই থেকে তিন দিন ধরে হৃদয় নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা প্রায় ৫টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার ভাড়াউড়া নামক স্থানে রেললাইনের পাশে কাটা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে হৃদয়ের পরিবারের সদস্যরা এবং রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমেদ রাসেল মরদেহটি শনাক্ত করেন।
হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, তিনি শান্ত স্বভাবের ও পরিশ্রমী মানুষ ছিলেন।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন