তরুণ ও যুবসমাজের কর্মক্ষম শক্তিকে কাজে লাগিয়ে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘যুব শক্তি, দেশ গড়ার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভার সামনে বড় ইন্দারা মোড়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, তরুণ ও যুবকরাই দেশের সবচেয়ে বড় কর্মক্ষম শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশকে উন্নত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য যুবসমাজকে সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের মেধা, শ্রম ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলার নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, অ্যাডভোকেট মো. মাসুদ রানাসহ জামায়াত ও যুব বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে যুব শক্তির কোনো বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের প্রস্তুত করার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন