
যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করছেন জাতীয়তাবাদী চেতনার রাজনীতিবিদ ও সমাজসেবক ফকরুল বিশ্বাস। দীর্ঘদিন ধরে মানবসেবা ও জনসংযোগের মাধ্যমে এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন তিনি।
ষষ্টিতলা পিটিআই রোডের বাসিন্দা ফকরুল বিশ্বাস ১৯৭৬ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আবু আনছার এবং মাতা আছমা বেগম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং দীর্ঘদিন ধরে রাজপথের একজন বলিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনে নানা সময় তিনি মামলা ও হামলার শিকার হয়েছেন, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার ওপর একাধিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
একই সঙ্গে তিনি একজন ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত। তবে ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা তাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। ধনী-গরিব ভেদাভেদ না করে যে কোনো সমস্যায় পড়লে এলাকার মানুষ তার দ্বারস্থ হন। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কারণে ইতোমধ্যেই তিনি ‘জনবান্ধব’ ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। প্রায় ১২ হাজার ৬৫৬ জন ভোটার নিয়ে গঠিত এই ওয়ার্ডে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে সরকারি বিদ্যুৎ অফিস, ওজপাডিকো, পিটিআই, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা অফিস, সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা, জেলা বিএনপি ও আওয়ামী লীগ কার্যালয়। এছাড়াও এই ওয়ার্ডে বসবাস করেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বরা।
এখানে অবস্থিত যশোর কালেক্টরেট স্কুল, টিএন্ডটি অফিস, গণপূর্ত বিভাগ, জেলা ফায়ার সার্ভিস কার্যালয় এবং ঐতিহ্যবাহী যশোর রেলওয়ে জংশন। পাশাপাশি রয়েছে জনপ্রিয় দৈনিক পত্রিকা ও অনলাইন মিডিয়া অফিস, প্রেসক্লাব, পাবলিক লাইব্রেরি ও জেলা পরিষদ ভবন। জেস টাওয়ার, বঙ্গ মার্কেট ও মাইকপট্টির মতো বাণিজ্যিক কেন্দ্রগুলো সার্বক্ষণিক ব্যস্ততায় মুখর থাকে।
ফকরুল বিশ্বাস শুধু রাজনীতি বা সমাজসেবাতেই সীমাবদ্ধ নন; তিনি শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। উপশহর ডিগ্রি কলেজ এবং পিটিআই জামে মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।
প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম একসময় তাকে ভবিষ্যতের পৌর কাউন্সিলর হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই অনুপ্রেরণাকে ধারণ করেই ফকরুল বিশ্বাস জনসেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
আগামী নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের সমস্যার সমাধানে উদ্যোগ এবং মানবিক আচরণ তাকে একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করছে। ফকরুল বিশ্বাস ৬নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন, যাতে তিনি নির্বাচিত হয়ে আরও বড় পরিসরে জনসেবা করতে পারেন।
মন্তব্য করুন