
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আগামী ২৮ এপ্রিল ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করবে বাংলাদেশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জ্বালানি লোডিংয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে। এটি বিদ্যুৎকেন্দ্র চালুর আগে কমিশনিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
তিনি বলেন, জ্বালানি লোডিং শুরুর তিন মাসের মধ্যে, অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে প্রাথমিক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। শুরুতে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে লাইসেন্স জটিলতার কারণে গত ৭ এপ্রিল নির্ধারিত জ্বালানি লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরে প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো সমাধান হওয়ায় ১৬ এপ্রিল লাইসেন্স প্রদান করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, কিছু গুরুত্বপূর্ণ ইস্যু সমাধানের পর এখন পরিস্থিতি অনুকূলে এসেছে। ফলে সংশ্লিষ্ট সবাই জ্বালানি লোডিংয়ের বিষয়ে একমত হয়েছেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, কেন্দ্র পরিচালনার জন্য ৫২ জন বিশেষজ্ঞ আন্তর্জাতিক মানদণ্ডে প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে লাইসেন্স অর্জন করেছেন।
তিনি আরও জানান, জ্বালানি লোডিংয়ের পর বিভিন্ন ধাপে পরীক্ষা চালিয়ে চূড়ান্ত নিরাপত্তা বিশ্লেষণ সম্পন্ন করা হবে। সব প্রক্রিয়া সফল হলে তিন মাসের মধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় ১০ থেকে ১১ মাস সময় লাগবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, রূপপুর প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্তব্য করুন