মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারাফটক থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে বের হওয়ার সময় তাকে আবারও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় দীর্ঘ কারাভোগের পর মঙ্গলবার আদালত থেকে জামিন পান কুতুবুল্লাহ কুটি। সন্ধ্যায় মুক্তির প্রক্রিয়া শেষে তিনি কারাগারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সাথে সাথেই মাগুরা জেলা পুলিশের একটি দল তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখায়।
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে আঠারোখাদা এলাকা থেকে তাকে প্রথমবার আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় পুলিশ জানিয়েছিল, ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবুল্লাহ হোসেন কুটির বিরুদ্ধে পূর্বের আরও মামলা থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
এক মামলায় জামিন পেলেও কারাফটক থেকে ফের গ্রেপ্তারের এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন