নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা। তারা একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে এসেছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ারের তত্ত্বাবধানে ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল আদালত চত্বরে ওই আইনজীবীর চেম্বারে অভিযান চালায়।
এ সময় ১১ জনকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে রানদা, চাপাতি ও দা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সারোয়ার ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে আটক ব্যক্তিরা কোন মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং তাদের কাছে অস্ত্র রাখার উদ্দেশ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
একসঙ্গে ১১ জনকে আটকের ঘটনায় আদালত চত্বরে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।
মন্তব্য করুন