সংসার বিচ্ছেদের পরও থামেনি বিরোধ। সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগে প্রবাসী এক ব্যক্তির তিন বোনকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—রিমা বেগম (২৪), আকলিমা বেগম (২২) ও শাপলা বেগম (৩২)। তারা মামলার প্রধান আসামি জামাল হোসেনের বোন।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সামাজিকভাবে জামাল হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভুক্তভোগী নারী। তবে দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ১২ মে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
অভিযোগে বলা হয়েছে, সংসার চলাকালে সুকৌশলে স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও নিজের মুঠোফোনে ধারণ করে রাখেন জামাল। বিবাহবিচ্ছেদের পর জামাল ও তার পরিবারের সদস্যরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেসব ছবি ভুক্তভোগী নারীর কাছে পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে ছবিগুলো ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী মানসিকভাবে চাপে পড়েন এবং সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় আইনের আশ্রয় নেন।
গত ১৯ জুলাই তিনি কিশোরগঞ্জ আদালতে সাবেক স্বামী জামাল হোসেনসহ চারজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে কুলিয়ারচর থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সারফিন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ২ আগস্ট রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পিঠাপই গ্রাম থেকে শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এজাহারভুক্ত তিন নারী আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি জামাল হোসেন বর্তমানে গ্রিসে অবস্থান করছেন। ফলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সাইবার অপরাধ ও ব্যক্তিগত ছবি ব্যবহার করে নারীদের হয়রানির অভিযোগে পুলিশের দ্রুত পদক্ষেপকে স্থানীয়ভাবে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে তা এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন