খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক পরিচিতি ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমান যুগে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না, সেই সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। এ লক্ষ্যে পাঠ্যবইয়ের বাইরের বিভিন্ন গঠনমূলক কার্যক্রমে অংশ নেওয়া অত্যন্ত জরুরি। নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই স্বপ্ন দেখতে হবে এবং লক্ষ্য স্থির করতে হবে।” শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ নেওয়ায় তিনি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ধরনের কর্মসূচি নিয়মিত পালন করলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন হবে এবং বিপথগামী হওয়ার সুযোগ থাকবে না।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি রুহুল আমিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাফিয়া ওয়াহিদ নির্ঝর। এ সময় ক্লাবের সাবেক সভাপতি আহমেদ আল ফয়সাল ও সাবেক সাধারণ সম্পাদক রাহুল ঘোষ শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। নাজরাতুন আনিসা ও মুমতাহা ইবতেদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ২৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্লাইড তৈরি, বিজ্ঞাপন নির্মাণ, বিষয়ভিত্তিক লেখালেখি, কুইজ ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের নবীন শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন