বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জলবায়ু ঝুঁকিপূর্ণ ও সুন্দরবন সংলগ্ন নিশানবাড়ীয়ায় ‘ইউনিয়ন সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি’র এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার বেলা ১১ টায় ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই সংকটাপন্ন এলাকায় মিঠা পানির সরবরাহ নিশ্চিতকরণ, গৃহস্থালি কাজে পানির ব্যবহার বৃদ্ধি, মাছ ও চিংড়ি চাষের উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর আয়-উপার্জনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রুরাল পুওর (ডরপ) ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনালের নেতৃত্বে এবং সিডার-এর সহায়তায় বাস্তবায়িত ওয়েটল্যান্ডস ফর রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় সেখানে পুকুর ও খাল পুনরুদ্ধার কার্যক্রম চলছে। মূলত এই কার্যক্রমের সম্প্রসারণ,পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারকরণ এবং ইউনিয়নভিত্তিক পানি সুরক্ষা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।
নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সভায় কারিগরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রণজিৎ কুমার,উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও সভায় ডরপ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্থ সারথী, ডরপের উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী,সিডিও মোঃ ইসরাইল মিয়া,সাংবাদিক শেফালী আক্তার রাখিসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়নের বিদ্যমান পানি সম্পদের অবস্থা, মিঠা পানির সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে টেকসই পানি সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও পরিবেশগত স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মন্তব্য করুন