নড়াইল সদর উপজেলার ঘোষবাড়ি এলাকায় পিকআপ ও লাটা গাড়ির (শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে বেনাপোল-নড়াইল-কালনা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। আহতরা হলেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), আকাশ (১৮) ও আকাশ খান (২১)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখে দ্রুতগতিতে দুটি লাটা গাড়ি পাল্লা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি পিকআপের সঙ্গে একটি লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই পিকআপের হেলপার মঞ্জুরুল ইসলাম বাবুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও লাটা গাড়ি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন