টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং নবগঠিত এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
এ সময় তিনি বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি আধুনিক, টেকসই ও শিক্ষাবান্ধব অবকাঠামো গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। বিদ্যালয়কে আরও সমৃদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বারডেম হাসপাতাল, ঢাকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এন. এইচ. ইউসুফজাই।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হায়দারুল ইসলাম খান ইউসুফজাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন কোকডহরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তরফদার (মিল্টন) এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনসার আলী সিকদার, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়াল, কৃষিবিদ এস. এম. এ. খালিদ, মোজাম্মেল হক হিরো, ফরহাদ হোসেন খান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক পৌর যুবদলের সভাপতি আজাহার আলী রাজা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শরিফুল আলম (মাসুদ)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এডহক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নবনির্মিত একাডেমিক ভবন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের জন্য আধুনিক, সুন্দর ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পরে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চারান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য করুন