বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সক্ষমতা বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া সিসিআরসি কার্যালয়ে ‘হাঁস-মুরগি ও গবাদিপশু পালন এবং ব্যবসা পরিচালনা’ বিষয়ক এই আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে পশরবুনিয়া সিসিআরসি’র সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বক্তব্য রাখেন। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মো. মফিজুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিডিবি’র মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি। এরই ধারাবাহিকতায় সংস্থাটির পক্ষ থেকে যেসব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছিল, মূলত সেই পরিবারের সদস্যরাই এই উন্নত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গবাদিপশুর আধুনিক লালন-পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে লাভজনক ব্যবসা পরিচালনা করা যায়, সে বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
মন্তব্য করুন