চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী নেতৃত্ব ও স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল।
শনিবার (৩০ মে) বিকেলে পটিয়ার মিনা কনভেনশন সেন্টারে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে জিয়াউর রহমান দেশের অর্থনীতি পুনর্গঠন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন, গ্রামীণ উন্নয়ন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর প্রবর্তিত উন্নয়নমূলক কর্মসূচিগুলো আজও দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
তিনি বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও আত্মনির্ভরশীলতা। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও মর্যাদাশীল বাংলাদেশ গড়াই ছিল তাঁর স্বপ্ন।
সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন, আদর্শ ও রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা করেন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন