“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যরা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্টেশন অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত সভায় অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্ঘটনা মোকাবিলা, প্রাথমিক উদ্ধার কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক সময়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠান ও পরিবারকে আরও বেশি সচেতন হতে হবে। বিশেষ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাস লিকেজ এবং অসাবধানতার কারণে অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ, সমাজসেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য অগ্নিনির্বাপণ বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া আগুন লাগার পর দ্রুত করণীয়, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি উদ্ধার তৎপরতা সম্পর্কেও সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে নলডাঙ্গায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং জননিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিসের ভূমিকার প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন