চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছুরিকাঘাতে নিহত যুবক পঙ্কজ শীলের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। শুক্রবার (১২ জুন) রাতে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিবারের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, নিহত পঙ্কজ শীলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও তিন বছর বয়সী কন্যাসন্তান নিয়ে পরিবারটি এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।
এ সময় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, একজন পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারানো যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি বলেন, “এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।” তিনি নিহতের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে নিয়মিত সহযোগিতার আশ্বাস দেন।
এমপি এনাম আরও জানান, নিহতের স্ত্রীকে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, মাস্টার শ্যামল কান্তি দে, তাপস দে, বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক, হাফেজ সোলাইমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৯ জুন রাতে পটিয়া উপজেলার জলুয়ার দিঘির পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পঙ্কজ শীল। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা এ ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, এমন নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মন্তব্য করুন