চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (২৭ জুলাই) বরমা ইউনিয়নের কেশুয়া রাস্তার মাথা এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবাইদুল হক রোকন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণকালে তিনি বলেন, “সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত বরমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দুর্যোগের সময় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানবসেবাই সবচেয়ে বড় দায়িত্ব এবং এ লক্ষ্যেই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে মাহবুবুল আলম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ সহায়তা অত্যন্ত সময়োপযোগী এবং মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসার দাবিদার।
মন্তব্য করুন