বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় র্যালি, আলোচনা সভা এবং ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র সহযোগিতায় খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া ও সন্ন্যাসী সিসিআরসির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সন্ন্যাসী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পশরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে পশরবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের ৭৫টি পরিবারের মধ্যে পাঁচটি করে মোট ৩৭৫টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ করা চারার মধ্যে ছিল আম, পেয়ারা, বড়ই, মালটা ও লিচু গাছ।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবারভিত্তিক ফল উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন