পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কঁচা নদীতে অবৈধভাবে জাটকা মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীতে রাক্ষুসে নেট (বেহুন্দী জাল) ব্যবহার করে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
আটককৃতরা হলেন জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার ইউসুফ আলী বেপারীর ছেলে জসিম বেপারী এবং একই এলাকার ইউনুস আলীর ছেলে মোহর আলী।
অভিযানকালে একটি বেহুন্দী জাল ও প্রায় ৫ কেজি গুঁড়া মাছ জব্দ করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ অনুযায়ী ৩(৩)(ক)(অ) ও ৫(১) ধারায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন