মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় বিনামূল্যে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরুন নাহার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জাহিদুল আলমসহ অন্যান্যরা।
এ সময় মোট ৩৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার, ১টি এলবো ক্রাচ, ১টি অক্সিলারি ক্রাচ এবং ১টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মন্তব্য করুন