“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে র্যালিটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খাইরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস. কে. ইফতেখার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সচেতন হতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন