নরসিংদীর রায়পুরা উপজেলায় কাকন নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা ছুটির পর কয়েকজন ছাত্রী বাড়ি ফেরার পথে কাকন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে একজন পানিতে তলিয়ে যেতে শুরু করলে অন্যরা তাকে উদ্ধার করতে গিয়ে নিজেরাও স্রোতের কবলে পড়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে তিনজনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময়ে আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। তবে সুমাইয়া নামে আরেক ছাত্রী নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের তল্লাশির একপর্যায়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, তিন শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নদীতে ডুবে চার শিশুর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একসঙ্গে চার মাদ্রাসাছাত্রীর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা নদী ও জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন