সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার, মানহানি এবং ব্যবসায়িক হয়রানির অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা ও পেশাদার রন্ধনশিল্পী লাকী নূর জাহান।
বুধবার (২৪ জুন) বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে পেশাদার শেফ হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন এবং বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।
তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মুসলিমা খাতুন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এর ফলে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লাকী নূর জাহান বলেন, যশোরের ধর্মতলায় অবস্থিত টনি খান হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে যৌথভাবে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি প্রতিষ্ঠানটির হিসাব-নিকাশ ও পরিচালনা নিয়ে অংশীদারদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
তার দাবি, তার অজান্তে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও মালিকানা দখলের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি পরিচালনা বোর্ডের দায়িত্বে না থাকায় অর্থ আত্মসাতের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন।
লাকী নূর জাহান জানান, গত ১৫ জুন বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইতে গেলে তাকে অপমান, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় তিনি সামাজিক, পারিবারিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২০২১ সালের ১৩ মার্চ সাতজন অংশীদার মিলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০২৪ সালে মুসলিমা খাতুন তার স্বামীর সহযোগিতায় প্রতিষ্ঠানটি অন্যত্র স্থানান্তর করে ভিন্ন নামে পরিচালনা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া অন্য অংশীদারদের অধিকাংশই ঢাকা বা বিদেশে অবস্থান করায় বিষয়টি তারা প্রথমে অবগত ছিলেন না বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফারহানা ইয়াসমিন বিপাশা এবং ফিরোজা খাতুন।
মন্তব্য করুন