টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ এই সড়কপথে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও নেই কোনো স্থায়ী ট্রাফিক বক্স কিংবা নিয়মিত ট্রাফিক পুলিশের উপস্থিতি। ফলে যানবাহনের বিশৃঙ্খল চলাচলে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ।
স্থানীয় ব্যবসায়ী, যাত্রী ও পথচারীরা জানান, বাস, ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশা এবং ব্যাটারিচালিত যানবাহন যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের অভিযোগ, যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অনেক সময় জরুরি কাজে বের হয়েও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে সড়কে।
স্থানীয়দের মতে, কালিহাতী বাসস্ট্যান্ডে একটি স্থায়ী ট্রাফিক বক্স স্থাপন এবং নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলে যানবাহনের চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থে কালিহাতী বাসস্ট্যান্ডে আধুনিক ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি।
মন্তব্য করুন