ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা এবং আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিটের ১১৬টি বিওপির মাধ্যমে। এসব বিওপি থেকে প্রতিদিন দিবারাত্রি মোট ৪৬৪টি নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, পাচার ও কৃত্রিম সংকট রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রুটে ২৫ হাজার ৮৪টি টহল ও ৯১৬টি চেকপোস্ট পরিচালনা, ৯০৯টি জনসচেতনতামূলক সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ৪০টি টাস্কফোর্স ও ৬৬টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়। এসব অভিযানে অবৈধভাবে মজুদকৃত তেলসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আসন্ন ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি নজরদারি আরও বাড়িয়েছে। অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন চলাচলের ওপর কঠোর নজরদারি এবং চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে সহযোগিতা কামনা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়ন ২০২৬ সালে ৯৬ জন আসামিসহ প্রায় ৬২ কোটি ৪০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। এর মধ্যে স্বর্ণ, হিরা, রৌপ্য, অস্ত্র ও গোলাবারুদ উল্লেখযোগ্য। একইভাবে ২০২৫ সালে ৪২০ জন আসামিসহ প্রায় ৩৭৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
মাদকবিরোধী অভিযানে ২০২৬ সালে প্রায় ২২ কোটি ১৩ লাখ টাকার বিভিন্ন মাদকদ্রব্য এবং ২০২৫ সালে প্রায় ১৯ কোটি ৫২ লাখ টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে বলে বিজিবি জানায়।
উল্লেখ্য, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ২০২৫-২০২৬ সময়ে পরিচালিত অভিযানে ৩১ জন আসামিসহ প্রায় ১৬ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। এর মধ্যে অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা এবং বিভিন্ন ধরনের মেডিসিন জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালকের ভিশন “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমন কার্যক্রম সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ এবং সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি। সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন