চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর খরনা কইশ্যাপাড়া হযরত বদর আউলিয়া (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার ‘মরহুমা আজিনুন নেসা একাডেমিক ভবন’-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হোসেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিদাতা সদস্য হাজী জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, মুহাম্মদ সফি সওদাগর, আবুল হোসেন, মোহাম্মদ হোসেন, আবুল বশর, আবুল মনসুর, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মুহাম্মদ নাছির উদ্দীন, সিরাজুল ইসলাম, আবুল বশর ভান্ডারী, ফজলুল হক, নুরুল আলম, আবদুর রহিম, আবুল মঞ্জুর, মাস্টার বোরহান উদ্দিন সোহেল, শহীদুল আলম, জাহেদুল হক, মুহাম্মদ মোজাম্মেল, শফিকুল হাসান সবুজ, আবদুল করিম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, তৌহিদুল আলম ও মোহাম্মদ হাসানসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা। এছাড়া মাদ্রাসার সুপার মাওলানা সেকান্দর আলীও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি, পারিবারিক অস্থিরতা ও বিভিন্ন সামাজিক সংকট বাড়তে থাকায় নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার গুরুত্ব আরও বেড়েছে।
বক্তারা আরও বলেন, কইশ্যাপাড়া হযরত বদর আউলিয়া (রহ.) ইবতেদায়ী মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা বলেন, বর্তমান সময়ে মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হচ্ছে। এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্চশিক্ষাসহ বিভিন্ন পেশায় নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন। চিকিৎসা, প্রকৌশল, আইন, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষকতা, প্রশাসন ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখছেন।
এ সময় বক্তারা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন করতে স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। ভবনটি নির্মিত হলে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমে আরও গতি আসার পাশাপাশি পটিয়ার উত্তর খরনা ও আশপাশের এলাকায় শিক্ষা বিস্তারে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে মাদ্রাসার উন্নতি, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরান হোসেন।
মন্তব্য করুন