মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী এলাকায় ২৫ হাজার টাকার বিনিময়ে এক শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা সাগর হোসেন অবৈধভাবে মঘি ইউনিয়নের দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর রহমানের কাছে ২৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করেন। এ ঘটনায় একটি ২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্রও তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর রহমান ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন জানান, প্রায় এক মাস ২৫ দিন ধরে শিশুটির মা তানজিলা খাতুন সন্তানের খোঁজ করছিলেন। এ সময় অভিযুক্ত বাবা সাগর হোসেন তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দেন। তিনি দাবি করেন, শিশুটিকে ‘জিন’ নিয়ে গেছে এবং জিনের মাধ্যমে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে দীর্ঘ সময় পার করেন।
পুলিশ সুপার আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন