জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশের ৮টি বিভাগের সেরা প্রতিযোগীদের পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার খুদে শিক্ষার্থী মাহিমা ইসলাম। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত পুরো মৌলভীবাজারবাসী।
গত ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে মাহিমা প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। সে কুলাউড়া উপজেলার করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ে পৌঁছানোর আগে মাহিমা ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রাখে। সর্বশেষ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সে সেরার মুকুট ছিনিয়ে নেয়।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাত মাহিমার হাতে পুরস্কার তুলে দেন।
মাহিমা ইসলাম কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. তৈমুল ইসলাম ও করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হালেমা আক্তারের কন্যা। উল্লেখ্য, তার মা হালেমা আক্তার ২০২৫ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
মাহিমার এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, মাহিমার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো মৌলভীবাজার জেলার জন্য গৌরবের। তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে।
মন্তব্য করুন