পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ফসলি ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় প্রায় এক লক্ষ টাকা মূল্যের ফসল ও গাছ উপড়ে ফেলায় ক্ষতিগ্রস্ত কৃষক বকুল চন্দ্র রায় ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক বকুল চন্দ্র রায় জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং ২০১৫ সালে ক্রয়কৃত ৪.০৫ একর জমিতে তিনি দীর্ঘদিন ধরে ঘরবাড়ি নির্মাণ ও চাষাবাদ করে আসছিলেন। ওই জমিতে ঢেঁড়স, পাটশাক, কচু এবং সুপারি গাছ রোপণ করা হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, গত ২৯ এপ্রিল দুপুরে একই ইউনিয়নের কৈকুড়িপাড়া গ্রামের আব্দুল জব্বার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার দলবল নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে। তারা মুহূর্তের মধ্যে জমির ঢেঁড়স, পাটশাক ও কচু উপড়ে ফেলে এবং বেশ কিছু সুপারি গাছ নষ্ট করে দেয়। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেত দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছেন। কৃষক বকুল চন্দ্র রায় বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন এবং এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন; সুনির্দিষ্ট অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন