বরিশাল নগরীর জনস্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত উচ্চপর্যায়ের গোলটেবিল সংলাপে এ অভিমত তুলে ধরা হয়। ‘বরিশালের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্থানীয় সরকারের সমন্বয়’ শীর্ষক এ সংলাপের যৌথ আয়োজন করে ইউকে ইন্টারন্যাশনাল, প্রথম আলো এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তার বক্তব্যে বলেন, নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান অগ্রাধিকার। তবে এই বৃহৎ দায়িত্ব এককভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, “স্বাস্থ্যখাতের উন্নয়নে পরিকল্পিত বিনিয়োগের পাশাপাশি সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নগরীর প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
সংলাপে অংশগ্রহণকারী জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বরিশালের স্বাস্থ্যখাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তারা বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; এর পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর কারিগরি সহায়তা এবং স্থানীয় প্রশাসনের সক্ষমতার সমন্বয়ে একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। তারা মনে করেন, উন্নয়ন অংশীদারিত্বের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা থেকে প্রাপ্ত সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে, যা বরিশালের সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন