চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৭ মে ২০২৬) ভোররাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে বিলভাতিয়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. নওশাদ আলীর নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে সীমান্ত পিলার ১৯০/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিল এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া সিরাপগুলো ফেন্সিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীদের কাছে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব নেশাজাতীয় দ্রব্য দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, আটককৃত বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালানকারীদের জন্য ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারির কারণে অনেকাংশে মাদক পাচার নিয়ন্ত্রণে এসেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে “জিরো টলারেন্স” নীতিতে কাজ করছে বিজিবি। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
মন্তব্য করুন