দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় পৌর শহরে অবস্থিত উপজেলা স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে বিভিন্ন শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্টিল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলাম বাহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল হাসান এবং পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস। এছাড়া সহ-সভাপতি আব্দুল জলিল ও সহ-সাধারণ সম্পাদক আফাদুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
র্যালি ও আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন