চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর ফতেপুর গ্রামের কেতাব উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপি থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুস সালামকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন