
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দার গ্ল্যামারাস উপস্থিতির জন্য যেমন প্রশংসিত, তেমনি ব্যক্তিজীবনে তার সরলতা ও প্রকৃতিপ্রেমও মুগ্ধ করে ভক্তদের। অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজের বাড়ির বাগানে সময় কাটাতে ভালোবাসেন এই নন্দিত অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, খালি পায়ে বাগানে নেমে নিজ হাতে কোদাল চালাচ্ছেন জয়া। জমি প্রস্তুত করা, মাটির সঙ্গে গোবর সার মেশানো এবং বিভিন্ন গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে। এক সহযোগীকে সঙ্গে নিয়ে বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও তুলে ধরেন তিনি।
ভিডিওটিতে শোবিজ অঙ্গনের ঝলমলে আলোর বাইরের এক ভিন্ন জয়ার দেখা মিলেছে। সাধারণ পোশাকে, একেবারে মাটির মানুষের মতো বাগানের কাজে নিমগ্ন এই অভিনেত্রীর ভিডিও মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন জয়াকে। অনেকেই মন্তব্য করেছেন, খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে থেকেও তিনি জীবনযাপন করেন অত্যন্ত সাধারণভাবে। কেউ কেউ লিখেছেন, প্রকৃতির সঙ্গে এমন নিবিড় সম্পর্ক এবং পরিশ্রমী জীবনধারাই হয়তো তার তারুণ্য ও সৌন্দর্যের অন্যতম রহস্য।
পর্দার আলো ঝলমলে জীবন ছাড়াও যে একজন তারকা মাটির গন্ধে, গাছের পরিচর্যায় এবং সবুজের সান্নিধ্যে নিজেকে খুঁজে নিতে পারেন—জয়া আহসানের এই ভিডিও যেন সেই বার্তাই নতুন করে মনে করিয়ে দিল।
মন্তব্য করুন