আলী আজীম, মোংলা প্রতিনিধি
১০ মে ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় কোস্ট গার্ড পরিচয়ে মিরাজকে তুলে নেওয়ার অভিযোগ

মোংলায় মিরাজ শেখ (৩২) নামে এক ভাড়ার মোটরসাইকেলচালক ও পোনা আহরণকারী জেলের নিখোঁজের ঘটনায় রহস্য ও উদ্বেগ ঘনীভূত হচ্ছে। পরিবারের অভিযোগ, গত ১০ এপ্রিল সন্ধ্যায় কোস্ট গার্ড পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায়। ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি।

মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মিরাজের স্বজনরা তাদের অসহায়ত্ব ও উদ্বেগের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরাজের বোন লিজা আক্তার। এ সংবাদ সম্মেলনে নিখোঁজ মিরাজের মা তাসলিমা বেগম, স্ত্রী মুক্তা বেগম, শিশু পুত্র মাহির ,শাশুড়ি দুলিয়া বেগম সহ নিকট আত্মীয় প্রতিবেশীসহ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিজা আক্তার তার লিখিত বক্তব্যে জানান, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনী এলাকার বাসিন্দা মিরাজ শেখ সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। মোটরসাইকেল ভাড়া চালানোর পাশাপাশি নদীতে পোনা মাছ আহরণ করেও পরিবারের খরচ চালাতেন। তার আয়ে চলত বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ছোট সন্তানের সংসার।

পরিবারের দাবি, ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনী ঠোটার একটি চায়ের দোকান থেকে কয়েকজন কোস্ট গার্ড সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেন। মিরাজকে নিয়ে যাওয়ার সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দোকানের পাশেই পড়ে ছিল। কয়েকদিন পর গভীর রাতে কোস্ট গার্ড অফিসের লোকজন এসে মোটরসাইকেলটি নিয়ে যায় বলেও অভিযোগ পরিবারের।

আরো পড়ুন...  ঈদ নিরাপত্তা ও সহমর্মিতার আহ্বান

নিখোঁজের পরদিন ১১ এপ্রিল মিরাজের স্বজনরা বাংলাদেশ কোস্ট গার্ডের মোংলার দিগরাজ বেইজে যান। সেখানে সারাদিন অপেক্ষা করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আটকের বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগ পরিবারের। পরে কোস্টগার্ডের হাড়বাড়িয়া স্টেশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি মিরাজকে আটকের বিষয়টি স্বীকার করে “২/৩ দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে” বলে আশ্বাস দেন বলেও দাবি করা হয়।

কিন্তু দিন গড়ালেও মিরাজের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে কোস্ট গার্ড সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণে পুলিশ অপারগতা প্রকাশ করে বলে দাবি স্বজনদের। পরে গত ২৩ এপ্রিল মিরাজের স্ত্রী মুক্তা খাতুন বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদ সম্মেলনে মিরাজের বৃদ্ধ মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ময়নাডারে সবার সামনে ধইরা নিয়ে গেছে। যদি অপরাধ করে থাকে, আইনের মাধ্যমে বিচার হোক। কিন্তু আমার ছেলেডা কোথায়, বাঁচে আছে না মরে গেছে—এটুকুও তো জানি না। আমি শুধু আমার ছেলেডারে ফেরত চাই।”

মিরাজের স্ত্রী মুক্তা খাতুন বলেন, স্বামীর অনুপস্থিতিতে এখন পুরো পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। তাদের ৬ বছরের শিশু সন্তান প্রায়ই বাবাকে খুঁজে কাঁদে। তিনি বলেন, বাবা এই আসবে, ওই আসবে বলে ছেলেটাকে সান্ত্বনা দিচ্ছি। কিন্তু আমিই জানি না তার বাবা কোথায়। ছেলে খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। রাতে ঘুম থেকে উঠে বাবাকে খোঁজে। মুক্তা আরও বলেন, স্বামী বেঁচে আছেন নাকি নেই-এই দুশ্চিন্তা প্রতিদিন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। কী করবো, কোথায় যাবো কিছু বুঝতে পারছি না।

আরো পড়ুন...  নাটকীয় ফাইনালে কানকিরহাটের জয়, তুলাপুকুরিয়ায় ফুটবল উৎসবে উত্তাপ

সংবাদ সম্মেলনে উপস্থিত সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বলেন, কোস্ট গার্ড পরিচয়ে কাউকে তুলে নিয়ে গুম করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল। মিরাজ শেখ কোথায় আছেন, তিনি জীবিত কি না—তা দ্রুত প্রকাশ এবং তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে খুব শিগগিরই হাইকোর্টে রিট আবেদন করা হবে।

নিখোঁজ মিরাজ শেখের ঘটনায় থানায় দায়ের হওয়া সাধারণ ডায়রীর (জিডি) তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার এস আই আবু হানিফ কামাল বলেন, মিয়াজ শেখের নিখোঁজের ঘটনায় তদন্ত চলছে। তাকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)-এর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মাহবুব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মিরাজ শেখ আদৌ নিখোঁজ হয়েছেন কি না, সেটি তদন্তে বের হয়ে আসবে। তবে এ ঘটনায় কোস্ট গার্ড কোনোভাবেই সম্পৃক্ত নয়। কোস্ট গার্ডের চলমান বিভিন্ন অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা সাজিয়ে বাহিনীর ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় কোস্ট গার্ড পরিচয়ে মিরাজকে তুলে নেওয়ার অভিযোগ

আমজু মিয়ার বলীখেলায় চ্যাম্পিয়ন মাসুম

হাওরের কৃষকদের পাশে কৃষিমন্ত্রী

কালিয়াকৈর হাইটেক স্টেশন: কোটি টাকার প্রকল্পে অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতা

ফলোআপ সংবাদে গুরুত্বের আহ্বান

জলবায়ু বিপর্যয় রোধে উপকূলে সবুজের লড়াই

বিয়ের গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

গোসল করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

লোগাংয়ে খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা

১০

প্রতারণায় কোটি টাকার মালিক আজমীর

১১

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা পরিছন্নতা অভিযান

১২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

১৩

চাঁপাইনবাবগঞ্জে এডুকেশন এক্সপো ও আইইএলটিএস ব্যাচের বিদায়

১৪

২৪ ঘণ্টায় ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেফতার ২

১৫

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নিহত

১৬

নলডাঙ্গায় নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

৫ গ্রামের জনদুর্ভোগ চরমে, হাঁটুসমান কাদায় ‘মরণফাঁদ’ সড়ক

১৮

সাংবাদিক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৯

নড়াইলে মক্তব পড়ুয়া শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

২০