
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান-এর ছবি ব্যবহার করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৯ জুন) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট ছড়ানোর বিষয়টি নজরে এলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, অনলাইনে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্টের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন