মাগুরায় স্বামীর মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে পাটবোঝাই একটি বড় ট্রাক্টরের ধাক্কায় সন্ধ্যা রানী মন্ডল নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী বাবু মনোরঞ্জন মন্ডল।
বুধবার (৩০ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে মাগুরা সদর উপজেলার কাঁটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যা রানী মন্ডল শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি শ্রীপুর উপজেলার গোবিন্দপুর হুদা গ্রামে। তবে স্বামীর কর্মস্থলের সুবাদে তারা মাগুরা থানা এলাকার সামনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাবু মনোরঞ্জন মন্ডল মোটরসাইকেলে করে স্ত্রী সন্ধ্যা রানী মন্ডলকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে কাঁটাখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাটবোঝাই একটি বড় ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে সন্ধ্যা রানী মন্ডল মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনায় তাঁর স্বামী মনোরঞ্জন মন্ডলও গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা রানী মন্ডলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার আগেই বেলা ২টা ৩০ মিনিটে তিনি মারা যান।
গুরুতর আহত মনোরঞ্জন মন্ডল বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সহকর্মীর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছেন সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শ্রীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, “এই শোক সইবার ক্ষমতা আমাদের নেই, আমরা বাকরুদ্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের সব সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত স্বামীর দ্রুত সুস্থতা কামনা করছি।”
সন্ধ্যা রানী মন্ডলের মৃত্যুতে তাঁর কর্মস্থল ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন