বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম জাতীয় সংসদে মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে কলেজের সার্বিক শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষে তিনি কলেজ প্রাঙ্গণে একটি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মোঃ শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর মোঃ মনিরুজ্জামান, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মোঃ ছবীর আহমেদ আখন্দ, সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যবসায়ী মাহাবুব রেজা টুকু এবং সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ, মোঃ নেছার উদ্দিন, প্রবীর কুমার নাথ ও মোঃ আবুল কালাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে এমপি মহোদয়ের সহধর্মিনী নুরুন নাহার পাঠানসহ সফরসঙ্গীবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মো. ফেরদৌসের ইসলামী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি নতুন মাত্রা পায়।
সভা শেষে কলেজ তথা মোরেলগঞ্জ-শরণখোলার সমৃদ্ধি ও এমপি মহোদয়ের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ নেছার উদ্দিন।
মন্তব্য করুন