বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৫ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের মানবিক ও অসহায় মানুষের পাশে থাকা সমাজসেবী মোঃ সালেক খান রুনুর সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত ২৯ আগস্ট নিজ বাসায় ওঠার সময় অন্ধকারে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন মোঃ সালেক খান রুনু। এ সময় তিনি মাথা ও বুকে আঘাত পান। দুর্ঘটনায় তাঁর দাড়ির নিচে আঘাতপ্রাপ্ত স্থানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেড রেস্টে রয়েছেন।
তাঁর দ্রুত সুস্থতা কামনায় গত শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মুসল্লিদের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা মহান আল্লাহর দরবারে মোঃ সালেক খান রুনুর পূর্ণ সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করেন।
স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ মুরব্বি বলেন, মোঃ সালেক খান রুনু একজন ভালো মানুষের সন্তান এবং তাঁর মধ্যেও মানবিক গুণাবলি রয়েছে। তিনি দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
স্থানীয় এক মসজিদের ইমাম বলেন, “সালেক খান রুনু ভাই এমন একজন মানুষ, কোনো দরিদ্র ব্যক্তি মারা গেলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি কোরআনের হাফেজ ও মুসল্লিদের দিয়ে কোরআন খতমের ব্যবস্থা করতেন। এছাড়া তিনি বিভিন্নভাবে অসহায় মানুষের সহযোগিতা করে থাকেন। আমি তাঁর জন্য মহান আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন।”

জানা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের নিজ এলাকার একটি মসজিদের সভাপতির দায়িত্বেও রয়েছেন মোঃ সালেক খান রুনু। তাঁর সুস্থতা কামনায় ওই মসজিদের মুসল্লিরাও বিশেষ দোয়া করেন।
এছাড়া ৬ নম্বর চিংড়াখালী ইউনিয়নের বিভিন্ন মসজিদেও তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সম্মানিত প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, মোঃ নুরুল ইসলাম সোহাগ, মোঃ মিজানুর রহমান ডিয়ারসহ সংগঠনের নেতৃবৃন্দও মোঃ সালেক খান রুনুর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।
সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসায় মোঃ সালেক খান রুনু দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
মন্তব্য করুন